ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় একটি সেচ পাম্প স্থাপনের দুই বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা জোনাল অফিসের বিরুদ্ধে। দীর্ঘসূত্রতা ও ভোগান্তির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপজয়সেন এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে দুই বছর আগে সরকারি বিধি মোতাবেক একটি সেচ পাম্প স্থাপন করেন কৃষক শাহ কুতুবউদ্দিন বখতিয়ার। স্থাপনের পরপরই প্রয়োজনীয় কাগজপত্রসহ বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হলেও আজ পর্যন্ত সংযোগ মেলেনি।
ভুক্তভোগী কৃষক কুতুবউদ্দিন বখতিয়ারের অভিযোগ, "বারবার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও শুধু আশ্বাসই মিলছে। জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলামকে বিষয়টি সরাসরি জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।"
স্থানীয় কৃষক জহুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, অথচ আমরা সেচ পাম্প বসিয়ে দুই বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় আছি। দ্রুত সংযোগ না দিলে চলতি মৌসুমে ফসলহানির বড় আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম সংযোগ না দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ওই পাম্পের কাছাকাছি আরেকটি সেচ পাম্প থাকায় সংযোগ দেওয়া হয়নি। তবে দূরত্ব ও বিধিমালা অনুযায়ী বিএডিসি কীভাবে অনুমোদন দিল—এমন প্রশ্নে তিনি বলেন, এটি বিএডিসি কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।
এদিকে, বিএডিসি রংপুর জোনের সহকারী প্রকৌশলী মো. মাসউদুল করিম রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ভুক্তভোগী কৃষককে বিকল্প হিসেবে সোলার সংযোগ স্থাপনের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক জানান, কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ