ছোট ভাই নিহত: ঘাতক বড় ভাই ও ভাবি গ্রেপ্তার

ছোট ভাই নিহত: ঘাতক বড় ভাই ও ভাবি গ্রেপ্তার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে ছোট ভাই ও সাবেক বিএনপি নেতা মাহমুদুর রহমান কামাল মেম্বার (৫৫) নিহত হওয়ার ঘটনায় বড় ভাই জালাল উদ্দিন মাস্টার (৫৯) ও তার স্ত্রী শামসুননাহার বেগমকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নিহতের মেয়ের দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের মৃত খোরশেদ উদ্দিন মেম্বারের ছেলে। তিনি আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জমি ও দোকান নিয়ে বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন মাস্টারের সঙ্গে তার দীর্ঘ ১৭ বছরের বিরোধ ছিল।

গত বৃহস্পতিবার সকালে জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় জালাল উদ্দিন ও তার ছেলে সাদ্দাম হোসেন দেশীয় অস্ত্র (টেঁটা) নিয়ে কামালের ওপর হামলা চালায়। হামলায় কামাল মেম্বার এবং তার ছেলে কাকন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল মেম্বার মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে ইসরাত জাহান করবী বাদী হয়ে বড় ভাই জালাল উদ্দিন মাস্টার, তার স্ত্রী শামসুননাহার বেগম এবং ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিককে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। তবে মূল ঘাতক হিসেবে অভিযুক্ত ভাতিজা সাদ্দাম হোসেন এখনও পলাতক রয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন