ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ উপজেলা সদরে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।
খন্দকার আবু আশফাক বলেন, "আমাদের প্রবাসীরা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠান। কিন্তু দেশে তাদের পরিবার নানাভাবে নির্যাতনের শিকার হয়। একটি বাড়ি নির্মাণ করতে গেলে তাদের কাছে চাঁদা চাওয়া হয়, জোর করে নিম্নমানের নির্মাণ সামগ্রী চাপিয়ে দেওয়া হয় অথবা সীমানা বিরোধের নামে জায়গা দখলের চেষ্টা করা হয়। এসব হয়রানির মূল উদ্দেশ্যই হলো প্রবাসীদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া।"
তিনি ঘোষণা দেন যে, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, প্রবাসীদের সুরক্ষায় তিনি দোহার ও নবাবগঞ্জ উপজেলায় দুটি পৃথক 'অভিযোগ বাক্স' বা অভিযোগ কেন্দ্র চালু করবেন। প্রবাসীদের পরিবার কোনো হয়রানির শিকার হলে সেখানে অভিযোগ জানালে তাদের তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করা হবে। আবু আশফাক আরও যোগ করেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রতিটি উপজেলায় প্রবাসীদের জন্য এই ধরনের সহায়তা কেন্দ্র স্থাপনের সরকারি প্রস্তাবনা সংসদে উত্থাপন করবেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ বিএনপির স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রবাসীবহুল এই জনপদে প্রার্থীর এমন ঘোষণায় সাধারণ ভোটার ও প্রবাসী পরিবারগুলোর মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ