ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গুরুতর আহত নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁ (৪৫) মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর খাঁ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে। তিনি স্থানীয় একটি মার্কেটে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় একই এলাকার কয়েকজন যুবক মার্কেটের ভেতরে প্রবেশ করে জাহাঙ্গীরের কক্ষের মধ্যেই জুয়া খেলতে বসে। এতে জাহাঙ্গীর বাধা দিলে যুবকরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একই এলাকার ইউসুফ আকন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আরও দুজনকে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহাঙ্গীর খাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে নিহতের মরদেহ মাদারীপুরে আনা হলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ