টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শাহজাহান চৌধুরীর মতবিনিময়

টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শাহজাহান চৌধুরীর মতবিনিময়

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টেকনাফ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান চৌধুরী টেকনাফকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ভৌগোলিকভাবে কক্সবাজার-৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ক্ষমতায় এলে টেকনাফের যুবকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করব। এছাড়া টেকনাফ পৌরসভার সীমানা বৃদ্ধি, রাস্তা প্রশস্তকরণ এবং নাফ নদীর পানি পরিশোধন করে সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

নাফ নদীতে জেলেদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “নাফ নদী একটি আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও আমাদের জেলেরা সেখানে মাছ শিকার করতে গিয়ে প্রায়ই মিয়ানমার প্রান্ত থেকে গুলিবর্ষণের শিকার হচ্ছেন। বিএনপি সরকার গঠন করলে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী নাফ নদীতে বাংলাদেশের জেলেদের মাছ শিকারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।”

মুক্ত সাংবাদিকতা প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, “বিএনপি কখনোই সাংবাদিকদের বাকস্বাধীনতা হরণ করেনি। আমরা ক্ষমতায় গেলে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেব এবং টেকনাফ প্রেসক্লাবের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করব।”

টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফি, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল। অনুষ্ঠানে টেকনাফে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন