শাহজাদপুরে ইসলামী ব্যাংকের টাকা চুরির ঘটনায় ৩ নারী গ্রেফতার

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের টাকা চুরির ঘটনায় ৩ নারী গ্রেফতার

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শাহজাদপুর থানার এসআই শাহ আলমের বিশেষ দক্ষতা ও বিচক্ষণতায় সিসিটিভি ফুটেজে থাকা পায়ের জুতা দেখে শনাক্ত করা হয়েছে নারী চোর চক্রের তিন সদস্যকে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৬৪ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখা থেকে কৌশলে ৫ লাখ টাকা চুরি করে রিকশাযোগে পালিয়ে যায় চার নারীর একটি সংঘবদ্ধ দল। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলার তদন্তভার পান এসআই শাহ আলম। তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাংকের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন। ফুটেজে এক নারী চোরের পরনে থাকা বিশেষ ধরনের জুতা দেখে সন্দেহ হয় এবং সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নেন। অবশেষে ১৯ জানুয়ারি উপজেলার শ্রীফলতলা গ্রামে অভিযান চালিয়ে পিয়ারা খাতুন, লাকি খাতুন ও শ্যামলী খাতুনকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি।

গ্রেফতারকৃত পিয়ারা খাতুন ও লাকি খাতুনের বাড়ি শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এবং শ্যামলী খাতুনের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়।

তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়। রিমান্ড শেষে ৩০ জানুয়ারি তাদের পুনরায় আদালতে পাঠানো হলে তারা চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন