মাদারগঞ্জে যমুনায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে যমুনায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ও বগুড়ার সারিয়াকান্দির ধারাবর্ষা এলাকায় যমুনা নদী থেকে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর বাকপ্রতিবন্ধী শিশু আরিফের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

নিহত আরিফ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে। সে মাদারগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আরিফ। বাকপ্রতিবন্ধী হওয়ায় সে কাউকে ডাকার সুযোগও পায়নি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবার ফায়ার সার্ভিসে খবর দেয়। শুক্রবার সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা জাল ফেলে তল্লাশির পর নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। আরিফের নানা জানান, বাড়ি নদীর পাশে হওয়ায় সে প্রায়ই গোসল করতে যেত, কিন্তু বৃহস্পতিবারের সেই গোসলই যে তার শেষ হবে তা কেউ ভাবেনি।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দিকুর রহমান বলেন, “আমরা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সংবাদ পাই। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাই। দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন