ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনটি একসময় বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত কয়েকটি নির্বাচনে আসনটি হাতছাড়া হওয়ায় এবার তা পুনরুদ্ধারে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হারানো এই দুর্গ ফিরে পেতে কোমর বেঁধে কাজ করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।
দীর্ঘদিন ধরে শিবপুরের রাজনীতিতে তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ রাখা মঞ্জুর এলাহী গত কয়েক মাস ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত উঠান বৈঠক, পথসভা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার এই নিরলস তৎপরতায় ঝিমিয়ে পড়া তৃণমূলের নেতাকর্মীরা ফের চাঙ্গা হয়ে উঠেছেন। সম্প্রতি শিবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার সমর্থনে আয়োজিত বিশাল জনসভাগুলো স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মঞ্জুর এলাহীর ব্যক্তি ইমেজ এবং দলীয় ঐক্য শিবপুরে বিএনপির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা বলছেন, অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একতাবদ্ধ বিএনপি নির্বাচনী মাঠে নামলে আসনটি পুনরুদ্ধার করা অনেকটা সহজ হবে।
এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় মঞ্জুর এলাহী বলেন, “শিবপুর সবসময়ই ধানের শীষের ঘাঁটি ছিল এবং আছে। সাধারণ মানুষ বর্তমান দুঃশাসন থেকে মুক্তি ও পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকি, তবে ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি এই আসনটি আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।”
তবে নির্বাচনী মাঠে মঞ্জুর এলাহীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে স্বতন্ত্র প্রার্থীদের শক্তিশালী অবস্থান এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রভাব। তা সত্ত্বেও সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি পুরনো আবেগ এবং বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মঞ্জুর এলাহীর গ্রহণযোগ্যতা তাকে সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শিবপুরের রাজনীতির মাঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, মঞ্জুর এলাহীর এই ব্যাপক গণসংযোগ শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা সফল প্রতিফলন ঘটায়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ