ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডা. শফিকুর রহমান একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসমুদ্রে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার সমান অধিকার থাকবে। ন্যায়বিচার হবে সবার জন্য সমান। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হয়, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলেও তার সমান বিচার হবে। কারো জন্য বিশেষ কোনো আইন থাকবে না।”
তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি একটি পবিত্র আমানত। আপনারা যাকে পছন্দ করেন, তাকেই ভোট দেবেন। তবে মনে রাখবেন, এবার আপনাদের একটি ভোট যাবে নতুন সরকার গঠনে এবং আরেকটি ভোট যাবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের গণভোটে। আমি আপনাদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের বিকল্প নেই। তিনি দলের নেতাকর্মীদের জনমানুষের অধিকার আদায়ে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার নির্দেশ দেন।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।
বক্তারা সিরাজগঞ্জের উন্নয়নে এবং মাদকমুক্ত ও শিক্ষিত যুবসমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিশেষ পরিকল্পনাগুলো তুলে ধরেন। শান্তিপূর্ণ এই জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ