ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামে প্রকাশ্য মাদক কারবারের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আব্দুল মজিদ শেখের ছেলে মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা ও হিরোইনের রমরমা ব্যবসা চালিয়ে আসছে।
চর ছোনগাছা গ্রামের বাসিন্দাদের দাবি, মাদক কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে এই এলাকাটি। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক কেনাবেচার হাট বসে। মাদকের এই সহজলভ্যতার কারণে গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া কিশোর ও যুবকেরা ব্যাপকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। এর ফলে গ্রামটিতে চুরি, ছিনতাই এবং পারিবারিক কলহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মাদক কারবারিরা এলাকায় এতটাই প্রভাবশালী যে, তাদের বিরুদ্ধে কথা বলতে সাধারণ মানুষ ভয় পায়। প্রতিবাদ করলেই শারীরিক হামলা ও মামলার হুমকি দেওয়া হয়। ফলে মুখ বুজে সন্তানদের ধ্বংস হতে দেখছেন অনেক অসহায় বাবা-মা।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় আমিনুল ইসলামের মতো মাদক কারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। মাদকের এই ভয়াল গ্রাস থেকে সন্তানদের বাঁচাতে এবং গ্রামে শান্তি ফিরিয়ে আনতে তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে চর ছোনগাছা এলাকায় খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ