খালেদা জিয়ার স্মরণে চুয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার স্মরণে চুয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই কর্মসূচির আয়োজন করে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর আদর্শকে পাথেয় করে আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

এর আগে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির। দিনব্যাপী এই ক্যাম্পে ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আবু হাসানুজ্জামান নুপুরসহ ড্যাব-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা কয়েক শ' রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। ক্যাম্পে উপস্থিত থেকে সেবামূলক কাজে সহযোগিতা করেন ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. আউলিয়ার রহমান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন