ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পুলক রায়, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় নিহতের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মারধরে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। তাঁকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী ও পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, বিপুল সংখ্যক আসামির নাম আসায় ঝিনাইগাতী ও শ্রীবরদী এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
ঝিনাইগাতী থানা পুলিশ জানিয়েছে, মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ