ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে রোববার (১ ফেব্রুয়ারি) ভোরের কোনো এক সময়ে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া (জোনাকির মোড়) এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুগুলোর মালিক ওই এলাকার কৃষক রফিকুল ইসলাম। তিনি জানান, চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি সন্তানসম্ভবা গাভী, একটি ষাঁড় ও দুটি বাছুর ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে তিনি ঘুমানোর আগে সব ঠিকঠাক দেখে যান। তবে চোরচক্র অত্যন্ত সুকৌশলে তার ঘরের দরজার বাইরের শিকল আটকে দিয়ে গোয়ালঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং পাঁচটি গরুই নিয়ে চম্পট দেয়। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো এবং গোয়ালঘর সম্পূর্ণ খালি।
নিঃস্ব হয়ে যাওয়া এই কৃষক কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এই গরুগুলোই ছিল আমার পরিবারের একমাত্র অবলম্বন। গরুগুলো বিক্রি করে সন্তানদের পড়ালেখা ও ভবিষ্যতের পরিকল্পনা ছিল। এখন আমি পথে বসে গেলাম।"
স্থানীয়রা জানান, কপাটিয়াপাড়া ও এর আশপাশের এলাকায় সম্প্রতি গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। চোরচক্র সাধারণত পিকআপ ভ্যান ব্যবহার করে গভীর রাতে এসব চুরি সংঘটিত করছে। এতে এলাকার প্রান্তিক কৃষকরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, চুরির খবরটি তিনি শুনেছেন। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে চোর শনাক্ত ও গরুগুলো উদ্ধারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ