বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরির বিশাল জনসভা

বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরির বিশাল জনসভা

জমির উদ্দিন, বান্দরবান: বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও রাজপুত্র সাচিংপ্রু জেরির নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। পাহাড় ও সমতলের মানুষের মাঝে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আলীকদম উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় আলীকদম বাজার চত্বরে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম। গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণায় সাচিংপ্রু জেরি যেখানেই যাচ্ছেন, সেখানেই পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

জনসভায় রাজপুত্র সাচিংপ্রু জেরি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে। বান্দরবান জেলার অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে শহীদ জিয়াই প্রথম কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। আমি নির্বাচিত হলে সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বৈষম্যহীন বান্দরবান গড়ে তুলবো।”

তিনি আরও যোগ করেন, “পাহাড়ি ও বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ। উন্নয়ন, নিরাপত্তা ও সবার ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। বিএনপি ক্ষমতায় এলে জেলার লামা ও আলীকদমসহ দুর্গম এলাকার সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। এই পার্বত্য জেলাকে সকল মানুষের নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবো, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ বা মতপার্থক্য।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, জেলা পরিষদের সাবেক সদস্য কামলাই ম্রো এবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এ সময় আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক আনছার আহমেদ, জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মাসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচনী এই জনসভাকে ঘিরে আলীকদম বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন