ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের রাজগঞ্জ ইউনিয়নে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কার্যালয়সহ পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি অভিযোগ করেন, "ভোররাতের দিকে একদল দুর্বৃত্ত বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে এসে প্রথমে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেল দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুড়ে ভস্মীভূত হয়। নির্বাচনকে প্রতিহত ও বাধাগ্রস্ত করতেই একটি বিশেষ পক্ষ এই হামলা চালিয়েছে।"
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়ে যায়। বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, "অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি সাইকেলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এমন ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ