শিহাব হত্যা মামলা: নাসিম, নিজাম ও মাসুদসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শিহাব হত্যা মামলা: নাসিম, নিজাম ও মাসুদসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কলেজ শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ পলাতক ১৫৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এই আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে প্রাণ হারান শিহাব। এই ঘটনায় তার মা মাহফুজা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন গত বছরের ৮ ডিসেম্বর ২১৯ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেন।

তদন্ত কর্মকর্তা জানান, এ পর্যন্ত এজাহারভুক্ত ও সন্দেহভাজনসহ মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ধলিয়া ইউনিয়নের ইউপি সদস্য নবী মেম্বার ও ছাত্রলীগ নেতা ওসমান গণি লিটন অস্ত্রধারী হিসেবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়া তিনজনকে অভিযোগের সত্যতা না পাওয়ায় চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা জানান, আদালত দুই দফা পর্যালোচনার পর এই চার্জশিট গ্রহণ করেছেন। আদালত পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ১৫৭ জন পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে এবং একজন অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ৪ আগস্ট মহিপালের ঘটনায় ফেনী মডেল থানায় এ পর্যন্ত মোট ২৪টি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন