কালিয়ায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

কালিয়ায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইছুব মোল্যা ওই গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইছুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইছুব মোল্যাসহ ফিরোজ ও আশরাফুল নামে আরও দুইজন গুরুতর জখম হন।

আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন