ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের দলীয় প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, নদীভাঙন থেকে সোনাগাজী ও দাগনভূঞার বাসিন্দাদের রক্ষায় মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণসহ নদী শাসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, “নদীভাঙনপ্রবণ এলাকার বসতি ও ফসলি জমি রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে সিসি ব্লক ও জিও ব্যাগ ব্যবহারের মাধ্যমে নদীতীর রক্ষা করা হবে। পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্লুইসগেট নির্মাণ করা হবে, যা নদীভাঙনের তীব্রতা কমাতেও বিশেষ ভূমিকা রাখবে।”
তিনি আরও যোগ করেন, উপকূলীয় এলাকাকে সুরক্ষিত করতে টেকসই বেড়িবাঁধ ও গাইড বাঁধ নির্মাণ করা হবে। একইসঙ্গে নদীভাঙনের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন এবং কৃষিজমি রক্ষায় দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করার অঙ্গীকার করেন এই শীর্ষ নেতা।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, কেন্দ্রীয় সমবায় দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা এবং সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সম্রাট।
পথসভা শেষে আব্দুল আউয়াল মিন্টু চরমজলিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ