টেকনাফে ও নাফনদীতে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বিজিবির মহড়া

টেকনাফে ও নাফনদীতে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে বিজিবির মহড়া

জিয়াবুল হক, টেকনাফ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে টেকনাফ সীমান্ত ও নাফনদীতে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তাদের প্রস্তুতির কথা তুলে ধরে এবং নাফনদীতে বিশেষ মহড়া প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি) বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন অর্পিত দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।”

তিনি আরও জানান, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করছে। সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।

সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার: নির্বাচন কেন্দ্র করে সীমান্ত এলাকায় ড্রোন, বডি ওন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজার এবং ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে। নাফনদীতে বিজিবির নৌ-টহল বৃদ্ধি করা হয়েছে যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক বা অস্ত্র পাচার না হতে পারে এবং কেউ নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে।

অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সরকার, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বিজিবি সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন