রাজশাহীতে রেললাইন দখল করে অবৈধ স্থাপনা: বাড়ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি

রাজশাহীতে রেললাইন দখল করে অবৈধ স্থাপনা: বাড়ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরের রেলগেট থেকে কাশিয়াডাংগা পর্যন্ত রেললাইনের দুই পাশ অবৈধ দখলে চলে যাওয়ায় ট্রেন চলাচলে চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে। রেললাইনের কোল ঘেঁষে গড়ে ওঠা অসংখ্য দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে ট্রেন ও পথচারীদের দৃষ্টিসীমা ব্যাহত হচ্ছে, যার ফলে প্রায়ই ঘটছে রক্তক্ষয়ী দুর্ঘটনা।

সর্বশেষ বুধবার সকালে মহানগরীর পাঠার মোড় এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সিলিন্ডার বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের কিছু অসাধু কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক চক্রের যোগসাজশে রেললাইনের জায়গা অবৈধভাবে লিজ বা বিক্রির নামে দখল করা হচ্ছে। টাকার বিনিময়ে ঝুঁকিপূর্ণ এই স্থানে দোকান বসাতে দেওয়ায় সাধারণ মানুষের জীবন এখন তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও একই এলাকায় একাধিকবার ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও উচ্ছেদ নিয়ে প্রশাসনের কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যায়নি।

এ বিষয়ে রাজশাহী পশ্চিম রেলের জিএম ফরিদ আহমেদ বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি। রাজশাহী সিটি এলাকার ভেতরে রেললাইনের পাশের অবৈধ দোকানপাট খুব শিগগিরই উচ্ছেদে বিশেষ অভিযান চালানো হবে। ইতিমধ্যে অবৈধ দখলের তালিকা তৈরি ও নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।” তিনি আরও জানান, শুধু শহর নয়, রাজশাহীর বাইরের এলাকাগুলোতেও পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করতে এবং প্রাণহানি রোধে অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলওয়ে পুলিশের সক্রিয় ভূমিকা দাবি করেছেন ভুক্তভোগী শহরবাসী।

মন্তব্য করুন