রাণীনগরে দাড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল

রাণীনগরে দাড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাস্টার খবিরুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৩টায় রাণীনগর রেলগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’, ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করো’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান সংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

মিছিল শেষে বিএনপির মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম বলেন, “দেশ ও জনগণের প্রকৃত কল্যাণে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফ কায়েমের রাষ্ট্র দরকার। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে নওগাঁ-৬ আসনের মানুষ সুশাসন ও ন্যায়ের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

গণমিছিলে উপজেলা জামায়াতের আমির জনাব আনজির, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাসসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 নওগাঁ-৬ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বহুমুখী। তবে আজকের এই গণমিছিলের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক শক্তির জানান দিল, যা এই আসনের ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

মন্তব্য করুন