মোংলার অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে কেন্দ্রগুলো

মোংলার অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে কেন্দ্রগুলো

রিপন হালদার, মোংলা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোংলা উপজেলার ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোংলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার আলম জানিয়েছেন, মোট ৫২টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৯টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণ ভোটকেন্দ্রের তালিকায় রয়েছে মাত্র ১২টি কেন্দ্র। মূলত পূর্বের নির্বাচনী সহিংসতা, যাতায়াত সমস্যা এবং গোয়েন্দা প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এই ঝুঁকির স্তর নির্ধারণ করা হয়েছে। এবার মোংলায় ১ লাখ ২৩ হাজার ৭৩৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—মাকড়ঢোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট পলস হাই স্কুল, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাঁদপাই ইউনিয়ন পরিষদ কার্যালয়। অন্যদিকে, অধিক ঝুঁকিপূর্ণ ৯টি কেন্দ্রের তালিকায় রয়েছে—সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা, মোংলা সরকারি কলেজ, দিগরাজ মহাবিদ্যালয় এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী জানিয়েছেন, ভোটারদের মাঝে স্বস্তি ফেরাতে পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। বিশেষ করে প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের নির্বাচনী দায়িত্বে ১৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং চারজন ম্যাজিস্ট্রেট (৩ জন নির্বাহী ও ১ জন জুডিশিয়াল) সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

মন্তব্য করুন