কাজিপুরে মূল লড়াই ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা

কাজিপুরে মূল লড়াই ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ): যমুনা নদীবেষ্টিত কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। প্রতি বছর বর্ষা এলেই এ অঞ্চলের মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় যমুনার করাল গ্রাস। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বরাবরের মতোই প্রধান ইস্যু হয়ে উঠেছে যমুনা নদীভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। ৬২-সিরাজগঞ্জ-১ আসনে ৩ লাখ ৮২ হাজার ৯২৮ জন ভোটারের রায়ে এবার কে যাবেন সংসদে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

নির্বাচনী মাঠে মোট ছয়জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা এবং দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমের মধ্যে। এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জহুরুল ইসলাম, কেটলি প্রতীকে নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন এবং ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর লড়াইয়ে রয়েছেন।

বিএনপি প্রার্থী সেলিম রেজা তাঁর প্রচারণায় অগ্রাধিকার ভিত্তিতে যমুনা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী 'যমুনা উপজেলা' গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে, জামায়াত প্রার্থী শাহিনুর আলমও নদীভাঙন রোধ এবং বেকার যুবক-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টিকে মূল লক্ষ্য হিসেবে ভোটারদের সামনে তুলে ধরছেন। চরাঞ্চলের টেকসই উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তনই এখন এ আসনের ভোটের সমীকরণ নির্ধারণ করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন