বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভৌগোলিক দুর্গমতার কারণে এসব এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৌঁছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি) হেলিপ্যাড থেকে তিনটি দুর্গম ভোটকেন্দ্রে মোট ৬৬ জন নির্বাচনী কর্মকর্তা ও প্রয়োজনীয় মালামাল পাঠানো হয়। কেন্দ্রগুলো হলো—ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিজক দজর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) একই স্থান থেকে আরও তিনটি দুর্গম কেন্দ্রে (তুইছুই, ব্যাটলিং ও শিয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৫৬ জন কর্মকর্তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা না থাকায় হেলিকপ্টারের মাধ্যমে এসব কেন্দ্রে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবশিষ্ট কেন্দ্রগুলোতে আগামীকাল বুধবারের মধ্যে সকল সরঞ্জাম ও জনবল পৌঁছে যাবে।

মন্তব্য করুন