নিরাপত্তা নিশ্চিতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নিরাপত্তা নিশ্চিতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক জননিরাপত্তার স্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা সাধারণত সর্বসাধারণের জন্য বলবৎ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ড্রোন উড্ডয়নের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে বিশেষ প্রয়োজনে যেমন—গবেষণা, জরিপ, কৃষিকার্য, পরিবীক্ষণ বা সরকারি কোনো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহার করতে চাইলে আগেভাগেই বেবিচক বরাবর আবেদন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সংস্থার অনাপত্তি ও ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের বিশেষ অনুমতি প্রদান করা হবে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’ এর ২৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন