ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় আসন্ন নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চারটি ভোটকেন্দ্রসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সদর ও পূর্বধলা উপজেলায় এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। আগুনে ভোটকেন্দ্রের বুথ কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো— সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়েও আগুন দেওয়া হয়, তবে এই বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের ভাষ্যমতে, গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের বুথ কক্ষের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পুলিশ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্টদের ধারণা, ভোটারদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও নিশ্চিত করেন যে, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ