ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক ‘নবচেতনা’র জেলা প্রতিনিধি নাদিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কাউতলী এলাকায় এ হামলার শিকার হন তিনি। এ ঘটনায় সাংবাদিক নাদিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কাউতলী এলাকার মক্কা স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানের মালিক হুমায়ুন দীর্ঘদিন ধরে সাংবাদিক নাদিমকে তার অফিস ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। হুমকির মুখে নাদিম অফিস ছেড়ে দিলেও শুক্রবার রাতে অফিসের প্রধান ফটকের চাবি চাইতে গেলে হুমায়ুন ও তার ৪-৫ জন সহযোগী নাদিমের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় নাদিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় হুমায়ুনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। হামলার পর থেকে আসামিরা মামলা তুলে নিতে নাদিমকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, "সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
এস.জে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ