ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কার্ড নিতে এসে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে দীর্ঘ কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকরা জানান, নির্ধারিত সময়ে কার্ড বিতরণ শুরু না হওয়ায় এবং বিতরণের জন্য পর্যাপ্ত বুথ বা জনবল না থাকায় এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিকদের দীর্ঘ লাইন ভবনের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেক সাংবাদিক তাঁদের পেশাগত নিয়মিত অ্যাসাইনমেন্ট ফেলে কার্ডের জন্য ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, প্রতিবারই কার্ড বিতরণের সময় এমন অব্যবস্থাপনা দেখা যায়। আগেভাগে সুশৃঙ্খল পরিকল্পনা ও নির্দিষ্ট তালিকা প্রস্তুত না থাকায় শত শত সাংবাদিককে একসাথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাঁরা দাবি করেন, ডিজিটাল এই যুগে তালিকা যাচাই করে দ্রুত কার্ড হস্তান্তরের প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করা উচিত ছিল।
এ বিষয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার ৮টি আসনের জন্য একসাথে বিপুল সংখ্যক সাংবাদিকের কার্ড প্রক্রিয়াকরণ ও বিতরণের কারণে কিছুটা চাপের সৃষ্টি হয়েছে। তবে তারা চেষ্টা করছেন দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত সকলের হাতে কার্ড পৌঁছে দিতে।
নির্বাচনের মাত্র দুদিন আগে জেলা প্রশাসনের এমন ধীরগতির কার্যক্রমে মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ