ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, "দেশের ৭০ শতাংশ মানুষ আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তাই আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।"
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, দেশি-বেদেশি সব জরিপে বিএনপি এগিয়ে রয়েছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, "আপনারা একটি বারের মতো আমাকে ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে আপনাদের মতামতকে প্রাধান্য দেব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেব এবং এই এলাকাকে মাদকমুক্ত ও শান্তিময় জনপদে পরিণত করব।"
এবারের নির্বাচনকে দুটি ধারায় বিভক্ত উল্লেখ করে তিনি বলেন, "এক পক্ষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে, অন্য পক্ষ বিপক্ষে। যখনই দেশবিরোধী ষড়যন্ত্র হয়েছে, জনগণ তা প্রতিহত করেছে। আমি বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ ভোটের মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের শক্তিকেই বেছে নেবে।"
জনগণকে বিএনপির ইশতেহারের মূল বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিণীকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে, যার মাধ্যমে মাসে ২,৫০০ টাকার পণ্য কেনা যাবে। কৃষকদের জন্য 'কৃষি কার্ড' ও আধুনিক স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি পরিবারকে 'স্বাস্থ্য কার্ড' প্রদান করা হবে।"
কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
এ.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ