কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ চালক আটক
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে মাদক কারবারে জড়িত পিকআপ চালককে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকার কদমতলী-সয়দাবাদ পাকা সড়কে একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপে সুকৌশলে লুকিয়ে রাখা এ যাবৎকালের অন্যতম বৃহৎ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।
এ সময় মাদক বহনের দায়ে পিকআপ চালক মোঃ শাকিলকে (৩০) আটক করা হয়। আটক শাকিল কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকার বাসিন্দা। তবে পুলিশি উপস্থিতিতে পিকআপ থেকে নেমে অজ্ঞাত পরিচয় ২-৩ জন সহযোগী চম্পট দেয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কসবা থানা পুলিশ বদ্ধপরিকর। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা