মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), শিশু ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০) চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। চালক গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে প্রাণ হারান।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন নিশ্চিত করেছেন যে, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন