৯ম পে-স্কেলের দাবিতে সিরাজগঞ্জে সরকারি কর্মচারীদের তিন দিনের বিক্ষোভ ও অবস্থান

৯ম পে-স্কেলের দাবিতে সিরাজগঞ্জে সরকারি কর্মচারীদের তিন দিনের বিক্ষোভ ও অবস্থান

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ সোমবার দ্বিতীয় দিনেও জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও কার্যালয়ের সামনে পালিত হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে এই শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয় যা আগামীকাল ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন যে বর্তমান বাজারদর ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সাধারণ কর্মচারীদের জীবনযাপন করা দুরূহ হয়ে পড়েছে। তাদের অভিযোগ দীর্ঘ সময় ধরে নতুন পে-স্কেলের দাবি জানানো হলেও সরকার তা কার্যকর না করে কালক্ষেপণ করছে। বিশেষ করে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক কিছু মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

অবস্থান কর্মসূচিতে মোঃ জাহিদ কামাল সবুজ, মোহাম্মদ মেহেদী হাসান, বিপ্লব ঘোষ এবং মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের বিপুলসংখ্যক কর্মচারী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যে কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ এবং তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে যা প্রয়োজনে প্রশাসনিক স্থবিরতা তৈরি করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে কর্মসূচিটি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন