ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ গণপূর্ত ভবনের সামনে সারাদেশের ন্যায় একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কারিগরি ছাত্র-সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জের আহ্বায়ক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ঐতিহাসিকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণ করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিরাজগঞ্জের মো. আব্দুল জব্বার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোর্শেদ মিয়া, চাকরি বিষয়ক সম্পাদক মো. শাহাদত হোসেন এবং ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-নাহিদ এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাউফুল হাসান, তানভীর আলম, ফেরদৌস হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে এই 'বৈষম্যমূলক' প্রস্তাব বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ