ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: আবুল কালাম আজাদ

ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: আবুল কালাম আজাদ

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ইনসাফভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জোট মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।

অধ্যাপক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, “এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের লড়াই। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ। যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। অন্যদিকে, একটি পক্ষ এখনো চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি আঁকড়ে ধরে আছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে চায়।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা জনকল্যাণে নিবেদিত ছিল, তারা ক্ষমতায় এলে ভালো কাজের ধারা অব্যাহত থাকবে। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে পুরো মোহনপুর এলাকায় উৎসবের আমেজ দেখা দেয়। বিকেলের আগেই হাজার হাজার সমর্থক মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামী ছাত্রশিবির মোহনপুর উত্তরের সভাপতি মোঃ আব্দুল্লাহিল বাকী।

মোহনপুর উপজেলা জামায়াতের আমীর ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল গফুর মৃধা, নায়েবে আমীর মাওলানা হাসান আলী, রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এফ.এম. ইসমাইল আলম আল হাসানী এবং মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাহবুব এহসান বুলবুল। এছাড়াও এনসিপি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও খেলাফত মজলিশের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এই নির্বাচনী জনসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বক্তারা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই আসনে জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন