পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে জমা হওয়া সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রার চূড়ান্ত হিসাব পাওয়া গেছে। দিনভর বাছাই ও পরিমাপ শেষে জানা যায়, দানবাক্সে ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রুপা এবং ৩০টি দেশের বৈদেশিক মুদ্রা জমা পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা প্রশাসনের ট্রেজারি থেকে সিলগালা করা কন্টেইনার ও খাম এনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিমাপ ও গণনার কাজ পরিচালিত হয়।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের তত্ত্বাবধানে এই কার্যক্রমে তিনটি কন্টেইনারে রাখা অলংকার জুয়েলারি সমিতির স্বর্ণকারদের মাধ্যমে মেপে দেখা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, ছয় বছরে জমা হওয়া সোনার মোট ওজন ১২ কেজি ১৭৪ গ্রাম (১০৪৪ ভরি) এবং রুপা ১২ কেজি ৬৯০ গ্রাম (১০৮৮ ভরি)। অন্যদিকে রূপালী ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন বৈদেশিক মুদ্রা গণনার দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোনার ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামে বিক্রি করা হবে এবং বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে রূপান্তর করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত পাগলা মসজিদের দানবাক্স ১৮ বার খোলা হলেও অলংকার ও বৈদেশিক মুদ্রার পরিমাপ এবারই প্রথম করা হলো। বর্তমানে পাগলা মসজিদের মূল তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এসব অর্থ মসজিদ, এতিমখানা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

এআইএল/সকালবেলা