ভিক্ষা ও কাফনের টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
ভিক্ষা ও কাফনের টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক

কাঞ্চন কুমার (কুষ্টিয়া): ভিক্ষার আয় ও সংসারের কষ্টার্জিত জমানো সঞ্চয়ের লাখ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন সমিতির ব্যবস্থাপক। কুষ্টিয়ার খোকসায় ‘শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র অন্তত চার শতাধিক অসহায় ও দুস্থ নারীর সঞ্চিত প্রায় ২২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন ফাতেমা খাতুন নামের এক নারী।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদের প্রধান ফটকে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কয়েক শ নারী। পরে তারা খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুরের কাছে স্মারকলিপি জমা দেন।

ভুক্তভোগীদের বিবরণী থেকে জানা যায়, ২০০৪ সালে উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় স্থানীয় নারীরা সমিতিটি গড়ে তোলেন। হিসাব-নিকাশের সুবিধার জন্য স্থানীয় মাহফুজুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুনকে ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়। গৃহিণী, ভিক্ষুক ও দুস্থ নারীরা নিজেদের আপদ-বিপদের কথা ভেবে হাঁস-মুরগির ডিম, চাল বিক্রি ও ভিক্ষার আয় থেকে সপ্তাহে দু-পাঁচ টাকা করে জমিয়ে প্রায় সাড়ে ২২ লাখ টাকার তহবিল গঠন করেন। তবে ফাতেমা খাতুন সদস্যদের সরলতার সুযোগ নিয়ে ২০২২ সালের জুনে পুরো টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মধ্যস্থতায় ফাতেমা ৬ মাসের মধ্যে টাকা পরিশোধের লিখিত অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করেননি। টাকা না পেয়ে অবশেষে মানবেতর জীবনযাপন করা নারীরা আন্দোলনে নামতে বাধ্য হন। অসুস্থ ভিক্ষুক আমিনা খাতুন আকুতি জানিয়ে বলেন, চিকিৎসা ও কিডনি অপারেশনের জন্য জমানো টাকা তিনি পাচ্ছেন না।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুর স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, অতীতে সময় নিয়েও গ্রাহকদের টাকা ফেরত দেননি অভিযুক্ত ফাতেমা। এবার তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা