চা বিক্রেতা দুরূদ হত্যা মামলায় ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
চা বিক্রেতা দুরূদ হত্যা মামলায় ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড

তিমির বনিক (মৌলভীবাজার): মৌলভীবাজারে পাওনা টাকা চাওয়ায় চা বিক্রেতা দুরূদ মিয়াকে কুপিয়ে হত্যার দায়ে প্রধান আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় দেওয়া হলো।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছাদিক মিয়া ও নিহত দুরূদ মিয়া দুজনই মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে নিজ মুদি দোকানে চা খাওয়ার সময় দুরূদ মিয়া আসামি ছাদিক মিয়ার কাছে বকেয়া ১২৬৩ টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া বাড়ি ফিরে গিয়ে তাঁর স্বজনদের নিয়ে এসে ধারালো চাকু দিয়ে দুরূদ মিয়ার পেটে ওপর্যুপরি আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত দুরূদ মিয়ার ছেলে মকবুল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত প্রধান আসামি ছাদিক মিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

এআইএল/সকালবেলা