বিজয়নগরে স্বাস্থ্য খাতে তীব্র জনবল সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত
সামজাদ জসি (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্বাস্থ্য খাতে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় জনবল না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার স্বাস্থ্য খাতের জন্য অনুমোদিত মোট ১২৮টি পদের মধ্যে ৫৮টি পদই বর্তমানে শূন্য রয়েছে। অর্ধেকের কাছাকাছি পদ খালি থাকায় বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে। ফলে সাধ্যমতো চেষ্টা করা সত্ত্বেও স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্ত পোহাতে হচ্ছে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক সময় বাধ্য হয়েই তাদের অতিরিক্ত অর্থ খরচ করে বাইরের ক্লিনিক বা পার্শ্ববর্তী জেলা সদরে যেতে হচ্ছে। দ্রুত এ সংকট নিরসন করা না গেলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা চরম ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঁইয়া বলেন, "বিদ্যমান জনবল সংকট নিরসনে আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রাতিষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুতই শূন্য পদগুলোতে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।"
বিজয়নগর উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে শূন্য পদগুলোতে দ্রুত জনবল পদায়ন ও টেকসই সমাধান নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
এআইএল/সকালবেলা