চাপের মুখে পদত্যাগ করলেন রামেবি উপাচার্য

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
চাপের মুখে পদত্যাগ করলেন রামেবি উপাচার্য

আবু কাওসার মাখন (রাজশাহী ব্যুরো): বৈরী পরিস্থিতির মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ডা. জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। একই ঘটনায় পদত্যাগ করেছেন তাঁর একান্ত সহকারী ও বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজমুল হোসেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয় জনতার একটি দল প্রবেশ করে তাঁদের অবরুদ্ধ করে ফেলে। পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা দুজন পদত্যাগপত্র জমা দেন।

তবে পদত্যাগের বিষয়টি স্বেচ্ছায় নয় দাবি করে উপাচার্য ডা. জাওয়াদুল হক অভিযোগ করেন, জোরপূর্বক একটি পদত্যাগপত্রে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে। ডা. জাওয়াদুল হক বলেন, "জোরপূর্বক আমার সই আদায় করা হয়েছে এবং আমাকে কার্যালয় থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।" অবরুদ্ধ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উন্নয়ন কাজের জন্য চাপ সৃষ্টিকারী কিছু ঠিকাদার মব তৈরি করে এই ঘটনা ঘটিয়েছে।

এদিকে আন্দোলনকারীদের দাবি, উপাচার্য জাওয়াদুল হকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীর বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি এবং গুরুত্বপূর্ণ পদে বিধি লঙ্ঘন করে নিয়োগসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। একইসঙ্গে সেকশন অফিসার নাজমুল হোসেনের বিরুদ্ধেও অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।

তবে উত্থাপিত অভিযোগসমূহের সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এআইএল/সকালবেলা