হেলমেট পরে ঝুঁকিপূর্ণ ভবনে সরকারি সেবা, বড় দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
হেলমেট পরে ঝুঁকিপূর্ণ ভবনে সরকারি সেবা, বড় দুর্ঘটনার আশঙ্কা

মাসুম বিল্লাহ (বাগেরহাট প্রতিনিধি): মাথার ওপর ফাটল ধরা ছাদ, আর যে কোনো মুহূর্তে খসে পড়ছে পলেস্তারা। এমন চরম আতঙ্কের মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে মাথায় হেলমেট পরে দাপ্তরিক কাজ চালাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। জরাজীর্ণ এ ভবনে সেবা নিতে এসে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষও।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনটির প্রতিটি কক্ষ, হলরুম ও তথ্যসেবা কেন্দ্রের ছাদ ও দেয়ালের অবস্থা একেবারেই নাজুক। সর্বশেষ গত রোববার পরিবার পরিকল্পনা বিভাগের আয়া সবিতা রানীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নিরাপত্তায় হেলমেট পরে কার্যালয়ে কাজ শুরু করেন।

প্রতিদিন জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা শতাধিক মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সেবা নিতে এসে জীবন ঝুঁকিতে পড়া কোনোভাবেই কাম্য নয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণ বা দ্রুত সংস্কারের দাবি জানান তাঁরা।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান জানান, ভবনের কোনো কক্ষই বর্তমানে নিরাপদ নয়। বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, নতুন ভবনের জন্য জায়গা স্বল্পতা রয়েছে। তবে বর্তমান ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য প্রয়োজনীয় বাজেট চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত মেরামতের কাজ শুরু হবে।

এআইএল/সকালবেলা