পীরগাছায় অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
হাবিবুর রহমান হাবিব (পীরগাছা প্রতিনিধি): রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় তিস্তা ও ঘাঘট নদীসহ খাল-বিল থেকে দীর্ঘদিন ধরে অবাধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর তীর রক্ষা বাঁধ, আবাদি কৃষিজমি ও স্থানীয় পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছাওলা, তাম্বুলপুর ও কৈকুড়ী ইউনিয়নের তিস্তা নদী, চর গাবুড়া, ঘাঘট নদী, তেমনীর ঘাট ও গোপালগঞ্জের ঘাটসহ বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে দেদারসে বালু তোলা হচ্ছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, চক্রটি দিনের আলো পেরিয়ে গভীর রাতেও শক্তিশালী মেশিন দিয়ে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এই অবৈধ বাণিজ্যের পেছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সরাসরি যুক্ত থাকলেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে অবৈধ ড্রেজার জব্দ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
যোগাযোগ করা হলে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, "অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি সরেজমিন অনুসন্ধান করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয়দের মতে, চিহ্নিত স্থানগুলোতে প্রশাসনের নিয়মিত টহল ও ঝটিকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব।
এআইএল/সকালবেলা