সতীনকে ফাঁসাতে নিজের সন্তানকে চুবিয়ে হত্যা

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
সতীনকে ফাঁসাতে নিজের সন্তানকে চুবিয়ে হত্যা

মো নুরনবী সানি (নরসিংদী): নরসিংদীর মনোহরদীতে সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের আড়াই বছরের শিশুকন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

হত্যার পর শিশুটির মরদেহ স্বামীর বাড়িতে সতীনের বিছানায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত মা রহিমা টুনী (২৩)। এ ঘটনায় তাঁকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতে জবানবন্দি দিয়ে নিজের দোষ স্বীকার করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলার নয়াপাড়া গ্রামে নজরুল ইসলামের একটি তালাবদ্ধ ঘরের ভেতর বিছানার ওপর চাদর দিয়ে পেঁচানো অবস্থায় আড়াই বছরের শিশু তানজিমার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির মা রহিমা টুনীকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে রহিমা জানান, সতীন হনুফা বেগমকে ফাঁদে ফেলতে তিনি নানিবাড়ি থেকে নিজের মেয়েকে গোপনে নিয়ে যান। এরপর খিদিরপুর এলাকার একটি পুকুরের পানিতে চুবিয়ে তাকে হত্যা করেন। পরবর্তীতে কৌশল অবলম্বন করে স্বামীর ঘরের তালা খুলে সতীনের বিছানায় লাশ রেখে পুনরায় তালা লাগিয়ে চম্পট দেন তিনি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এআইএল/সকালবেলা