মিথ্যা মামলার আসামিদের ৩ মাসের মধ্যে মুক্ত করা হবে: সারজিস আলম

মিথ্যা মামলার আসামিদের ৩ মাসের মধ্যে মুক্ত করা হবে: সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, গত দেড় বছরে আটোয়ারী উপজেলার কিছু বিএনপি নেতাকর্মী দল-ধর্ম না দেখে শুধুমাত্র অর্থিক সুবিধার জন্য শত শত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমি কথা দিচ্ছি, এই দেড় বছরে যতজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে, তাঁদের আগামী তিন মাসের মধ্যে মুক্ত করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
 
সারজিস আলম বলেন, নিরপরাধ মানুষকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কোনো দল, ধর্ম বা মার্কা দেখা হবে না। যারা মামলা-বাণিজ্য করে অসহায় মানুষের ওপর জুলুম করেছে, সে যত বড় নেতাই হোক না কেন, তাদের স্থান এই আটোয়ারীর মাটিতে হবে না। হয় তারা ভালো হবে, না হলে আটোয়ারী ছেড়ে চলে যাবে।
 
কৃষকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আটোয়ারীর কৃষকদের নিয়ে কোনো সার, কীটনাশক বা ফসলের সিন্ডিকেট আর হতে দেওয়া হবে না। বিএনপির শাসনামলে সারের জন্য কৃষকদের গুলি করে মারা হয়েছিল। তারেক রহমান বিদ্যুৎ দেওয়ার কথা বলে শুধু খাম্বা দিয়েছিলেন। যারা নির্বাচিত হওয়ার আগেই ব্যাংকের টাকা লুটপাট করে, তারা নির্বাচিত হলে দেশ বিক্রি করে দেবে।
 
বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ট্রাকের পেছনে কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে সাহায্য নেওয়া আত্মসম্মানের বিষয় হতে পারে না। আমরা লাইনে দাঁড়ানোর ভিক্ষাবৃত্তির পরিবেশ তৈরি না করে পরিবারের বেকার সদস্যদের জন্য আজীবনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
 
আটোয়ারী উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন। এ সময় জাতীয় নাগরিক কমিটি ও ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন