ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে খোলা পণ্য ও কন্টেইনার ওঠা-নামা কার্যত বন্ধ রয়েছে।
কর্মবিরতির প্রভাবে বন্দরে পণ্য ডেলিভারির জন্য কোনো কভার্ড ভ্যান, লরি বা ট্রেলার প্রবেশ করতে পারছে না, ফলে বন্দর পরিচালনা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। আরব আমিরাতভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এই কর্মসূচি পালন করছে। এর আগে গতকাল শনিবারও ৮ ঘণ্টা কর্মবিরতি পালিত হয়।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, সকাল থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ থেকে বিরত রয়েছেন। জেটিগুলোতে কোনো জাহাজে পণ্য ওঠা-নামার কাজ হচ্ছে না। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বার্থ অপারেটররা জানিয়েছেন, শ্রমিক বুকিং দিতে না পারায় কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
এদিকে প্রথম দিনের কর্মবিরতির পর বন্দর কর্তৃপক্ষ চারজন আন্দোলনকারীকে তাৎক্ষণিক বদলি করেছে এবং রাজস্ব ক্ষতি নিরূপণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর ও আশপাশের এলাকায় এক মাসের জন্য সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাবেশ না করে কেবল শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ