‘রাস্তায় নাটক করলে হবে না’: উপাচার্যকে জাবি ছাত্রী

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
‘রাস্তায় নাটক করলে হবে না’: উপাচার্যকে জাবি ছাত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় জড়িত যুবককে গ্রেপ্তারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পার হওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে শিক্ষার্থীদের তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে) বিকেলে আন্দোলন চলাকালীন এক ছাত্রী উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, ‘রাগ করে রাস্তায় নাটক করলে হবে না।’ জবাবে ক্ষোভ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘নাটক তোমরাও যেমন পারো। আমি নাটক, তোমরাও নাটক।’

শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে উপাচার্য বলেন, "বিগত ১৭ বছরের মূল্যবোধের অবক্ষয়ের বোঝা এখন আমি টানছি। ১৭ বছর আমরা ফ্যাসিস্টের মধ্যে ছিলাম। এখন ওদের বিচার, ছাত্রদের বিচারসহ সব অন্যায়কারীর বিচার হবে—একটা লোককেও ছাড় দেওয়া হবে না। যেটা ন্যায্য আমি সেটাই করব, তবে নিয়মের বাইরে আমি যাব না।"

নিজের অতীত আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "আমি ২৪-এর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনকারী ছিলাম। এর আগে আমার মতো এমন কোনো উপাচার্য পেয়েছিলে, যে তোমাদের পাশে এসে এভাবে দাঁড়িয়েছে? ২৪-এর আন্দোলনের সময় এই গেটের সামনে যখন বাচ্চাগুলোকে মারছিল, তখন আগের উপাচার্য ভেতরে বসে ছিলেন। কার সঙ্গে কাকে মেলাচ্ছো? আমি রাস্তার লোক।"

উল্লেখ্য, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কয়েকদিন ধরেই উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বেঁধে দেওয়া সময়ে মূল অপরাধী গ্রেপ্তার না হওয়ায় আজ প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, যার একপর্যায়ে এই বাগবিতণ্ডার সৃষ্টি হয়।