ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা : বাগেরহাটের রামপালে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এই কমিটি গঠন করে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন-কে প্রধান করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন:
লায়লাতুল মাওয়া: সহকারী পরিচালক, বিআরটিএ, বাগেরহাট।
রেফাতুল ইসলাম: সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল)।
এই কমিটিকে মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন সব ধরনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন:
জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় নিহত প্রত্যেক সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ইতোমধ্যে নিহত মাইক্রোবাস চালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
অন্যান্য নিহতদের পরিবারের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৯ জনসহ মোট ১৪ জন নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ