মাদক কারবারিকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
মাদক কারবারিকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে মাদক ব্যবসার পাওনা টাকা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের হামলায় ফয়েজ (৩৭) নামে এক মাদক কারবারি পিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবার দায়ের করা মামলায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার (১২ জুন) দুপুর ১২টায় নিহতের বাবা জামাল বাদী হয়ে সোনাইমুড়ি থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আজিজ উল্যা (৩৫) ও কিরনকে (২৭) গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের জব্বর ডিলার বাড়ি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সিরাজ মিয়া জানান, উত্তর শাকতলা গ্রামে দীর্ঘদিন ধরে ফয়েজ, রকি, সাগর, জামাল, সবুজ, রাসেল, হারুন ও আল আমিনের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত দুই-তিন দিন ধরে ব্যবসার অর্থ ও মাদক বিক্রি নিয়ে চক্রের অন্যতম সদস্য আল আমিনের সঙ্গে ফয়েজের তীব্র কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার পর এলাকার সচেতন তরুণরা মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পাহারার ব্যবস্থা করলে মাদকসেবীদের আড্ডা সাময়িক বন্ধ থাকে।

মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে নুরু ডাক্তার বাড়ির পুকুর পাড় সংলগ্ন এলাকায় ওত পেতে থাকা আল আমিনের নেতৃত্বে রকি (২৮), সাগর (২৬), জামাল (৩২), ওসমান (২৭) ও সবুজসহ (৩১) একদল সশস্ত্র সন্ত্রাসী ফয়েজের ওপর আচমকা হামলা চালায়। সন্ত্রাসীরা ফয়েজকে পেছন থেকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। বিশেষ করে মাথায় সজোরে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ফয়েজ নিস্তেজ হয়ে পড়েন। হামলাকারীরা তাঁর মৃত্যু নিশ্চিত করে লাশটি একটি ঘরের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্তান হারিয়ে শোকে পাথর বাবা জামাল বলেন, “মাদক চক্রের আল আমিনসহ অন্যরা পরিকল্পিতভাবে একত্রিত হয়ে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। আমি এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাসহ এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

এআইএল/সকালবেলা