বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবক আটক

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবক আটক
মৌলভীবাজারের বড়লেখা থানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসতঘরে ঢুকে জোরপূর্বক এক প্রবাসীর স্ত্রীকে (গৃহবধূ) শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদকাসক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শনিবার (১৮ জুলাই) ভোরবেলা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এই লমকহর্ষক ঘটনাটি ঘটে।

আটককৃত অভিযুক্তরা হচ্ছেন—উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

 ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী ঘরের প্রাত্যহিক কাজকর্ম করার জন্য বসতঘরের মূল দরজা খুলেন। দরজা খোলার কয়েক মিনিটের মধ্যেই ওত পেতে থাকা চার থেকে পাঁচজন বখাটে যুবক জোরপূর্বক ঘরের ভেতর প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই একাকী পেয়ে গৃহবধূকে ঝাপটে ধরে এবং ওনার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।

এই আকস্মিক পরিস্থিতিতে নিজের সম্ভ্রম রক্ষায় প্রবাসীর স্ত্রী আসামিদের সাথে সর্বোচ্চ ধস্তাধস্তি করতে থাকেন এবং একপর্যায়ে ওনাদের হাত থেকে মুখ ছাড়িয়ে বিকট চিৎকার দিতে থাকেন। গৃহবধূর চিৎকার শুনে ওনার স্বজন ও আশেপাশের প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে দ্রুত বাড়িটিতে ছুটে আসেন। এ সময় তারা ঘরের ভেতর থেকে পালিয়ে যাওয়ার প্রাক্কালে জুনেদ আহমদ ও নাজির আহমদকে হাতেনাতে ধরে আটকে ফেলেন। তবে ওনাদের সাথে থাকা অন্য সহযোগীরা কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, আটককৃত এই দুই যুবকই এলাকায় চিহ্নিত ইয়াবাখোর এবং দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ওনাদের নানামুখী সামাজিক অপকর্ম ও বখাটেপনায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ও ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া স্থানীয়রা আরও প্রকাশ করেছেন যে, আটককৃত জুনেদ ও নাজিরের মধ্যে একজন বড়লেখা পৌরশহরের চাঞ্চল্যকর হার্ডওয়্যার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান তিন নম্বর আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, "ভোররাতে ভুক্তভোগী গৃহবধূর চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা তাৎক্ষণিক এগিয়ে এসে ধর্ষণ চেষ্টাকারী দুই যুবককে আটক করে রাখেন। পরবর্তীতে গতকাল দুপুরে ভুক্তভোগী মহিলা নিজে এবং আমি উপস্থিত থেকে আটককৃতদের বড়লেখা থানায় নিয়ে সোপর্দ করেছি। আমরা এই বর্বরোচিত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

 বড়লেখা থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক সংবাদ মাধ্যমকে জানান, প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ওই মামলায় ওনাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ইতিমধ্যেই যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এবং পলাতক থাকা অন্য অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন