ঘোড়াঘাটে শিলা বৃষ্টির তাণ্ডব: লণ্ডভণ্ড বিস্তীর্ণ ভুট্টার ক্ষেত

ঘোড়াঘাটে শিলা বৃষ্টির তাণ্ডব: লণ্ডভণ্ড বিস্তীর্ণ ভুট্টার ক্ষেত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আকস্মিক শিলা বৃষ্টির তাণ্ডবে ভুট্টার আবাদে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে হয়ে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে মাঠের পর মাঠ পাকা ও আধাপাকা ভুট্টাক্ষেত মুহূর্তেই মাটির সাথে মিশে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়া কৃষকদের মাঝে চরম হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শিলার প্রচণ্ড আঘাতে অধিকাংশ ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক স্থানে গাছ ভেঙে চুরমার হয়ে গেছে এবং কোথাও কোথাও জমে থাকা বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে ফসলি জমি। কৃষকরা জানিয়েছেন, এ সময়টি ছিল ভুট্টার দানা গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়। শিলার আঘাতে গাছের পাতা ও কাণ্ড ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ফলনের সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোঠায়।

সোনারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক নাইমুর রহমান আক্ষেপ করে বলেন, “আমার প্রায় ৩ বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ঋণ করে চাষ করেছিলাম, এখন সব শেষ। কীভাবে ঋণের টাকা শোধ করব তা বুঝতে পারছি না।” লোহাবন্দ গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, বৃষ্টির সময় মনে হচ্ছিল আকাশ থেকে পাথর পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। পুঁজি ফেরত পাওয়াও এখন অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, শিলা বৃষ্টির কারণে ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ ইতিমধ্যে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা ও প্রণোদনার আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত আর্থিক সহায়তা এবং বীজ ও সার প্রণোদনার মাধ্যমে পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন, যাতে তারা পুনরায় অন্য কোনো ফসল আবাদ করে এই বিশাল ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন