গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা আটক
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আতিকুল ইসলাম নামে এক যুব জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আতিকুল ইসলাম উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী ওই গৃহবধূর স্বামী ঘটনার দিন শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে গভীর রাতে আতিকুল ইসলাম ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। বিষয়টি বুঝতে পেরে গৃহবধূর শ্বশুর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে খবর পেয়ে আতিকের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, "আতিক কিছুদিন আগে আমার পুত্রবধূর সঙ্গে সখ্য গড়ে তোলেন। বুধবার রাতে আমার চিৎকার শুনে তিনি পুত্রবধূর ঘর থেকে অপ্রস্তুত অবস্থায় বের হয়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে প্রতিবেশীরা জড়ো হয়ে তাঁকে আটক করেন।"
অভিযোগের বিষয়ে কথা বলতে আতিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দারা বুধবার রাতে আতিককে এক গৃহবধূর ঘর থেকে আটক করেছিলেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে বিস্তারিত খোঁজখবর না নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|